
পিঠেপিঠি ভাই আমরা। ছোটবেলা থেকেই পড়েছি একই ক্লাসে। ও একটু ছোটবেলায় ভর্তি হয়ে গেছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষা একই স্কুল-কলেজ থেকে দিয়েছি। স্কুল পেরিয়ে এসে ঢাকায় একই সঙ্গে থাকতাম। আমার বড়জন, ছোটজন আর আমি—তিন ভাই থেকেছি একই বাসায়।
বড় ভাই একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক-স্নাতকোত্তর করে চলে গেলেন বিদেশে, পিএইচডি করতে। তখনো ছোটজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। ভাইয়া চলে যাওয়ার পর দুই বছর আমরা একই বাসায় থেকেছি। এ সময়টা আমাদের মধ্যে বোঝাপড়াটা আরও বেড়েছে।
এরপর ছোট ভাইটাও চলে গেল বড় ভাইয়ের বিশ্ববিদ্যালয়ে। মাস্টার্সে ভর্তি হলো। ওর বিদেশে চলে যাওয়ার দিনটা আমার স্পষ্ট মনে আছে। আজ যার সঙ্গে বিয়ে হচ্ছে, বিদায় দেওয়ার জন্য তখন সেও এয়ারপোর্টে ছিল। এর পরের বছর সেও চলে গেল পিএইচডির জন্য, একই দেশে একই স্টেটে। তবে বিশ্ববিদ্যালয় ভিন্ন।
এদিকে দেশে আমি কিছুটা পারিবারিকভাবে দিশাহারা হয়ে থাকলাম। সব চলছে, চাকরি করছি, সবার সঙ্গে মিলেমিশে চলছি, পরিবারের অন্য ভাই–বোনদের বাসায় যাচ্ছি, তবু কোথায় যেন একটু ছেদ পড়েছে। সারাদিন বাইরে থেকে বাসায় ফিরে যাদের সঙ্গে রাতে খেতে বসতাম, তারা বহু দূরের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। দেখা হলেই লোকজন জিজ্ঞাসা করছেন, ‘তোমার ভাইয়েরা চলে গেল, তুমি কবে যাবে?’
আপনার মতামত লিখুন :